প্রেমিকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে এক তরুণীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি বিলাসপুরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। অভিযুক্ত তরুণীর নাম রোশনি সূর্যবংশী (২২)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গত দুই-তিন দিন ধরে কামতা প্রসাদ রোশনির ফোনকল ও বার্তার জবাব দেওয়া বন্ধ করে দেন। এমনকি মোবাইল ফোনে তার নম্বর ও মেসেজ ব্লক করে দেন।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোশনি। তিনি সন্দেহ করেন, কামতা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে রোশনি একটি ছুরি হাতে কামতার বাসায় যান। পুলিশ জানায়, দরজা খোলার পর রোশনি তার মোবাইল ফোন দেখতে চান। কামতা ফোন দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রোশনি কামতার বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ।
চিৎকার শুনে কামতার আশেপাশের লোকজন বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ রোশনিকে আটক করে। পুলিশের কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নিহত কামতা প্রসাদ সূর্যবংশী স্থানীয় এক বিজেপি নেতার আত্মীয়। তিনি জেলা পঞ্চায়েত সভাপতির ভাতিজা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে অভিযুক্তের বক্তব্য ও অন্যান্য আলামত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
