জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মহান স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রাম জেলার গুনীজনদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।
একইসঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সংগঠনটি।
শনিবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবন মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানের আয়োজন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাবিবুল গণি।
চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমিরেটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পোট্রলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চৌধুরীসহ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিরা।
অনুষ্ঠানে গুণীজন ও তাদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।
গুণীজনরা হলেন, ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও প্রয়াত নভেরা আহমেদ। ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত আইয়ুব বাচ্চু, প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খান।
এছাড়া অনুষ্ঠানে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চেক প্রদান করা হয়।
