২০২৬ সালের টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কা সফরের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
সরকারি ওই ঘোষণায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচগুলো সবসময়ই বৈশ্বিক ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত ও দর্শকপ্রিয় হয়ে থাকে।
এমন একটি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বিশ্বকাপের সূচি, পয়েন্ট টেবিল এবং টুর্নামেন্টের সামগ্রিক পরিবেশের ওপর কী প্রভাব ফেলবে-সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এ বিষয়ে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের পরবর্তী অবস্থান এবং সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব।
