নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি পদে এবার মুখোমুখি হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রম।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এর আগে দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। এবার একাধিক প্রার্থী থাকায় সেই ধারায় ছেদ পড়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই ভোট গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন।
১৯৯১ সালের পর আবার প্রতিদ্বন্দ্বিতা
রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
এরপর প্রায় সাড়ে তিন দশক রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর মধ্যে ভোটের প্রয়োজন হয়নি। এবার বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পৃথক প্রার্থী দেওয়ায় নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হয়েছে।
