সহিংসতায় ‘উসকানি’: পাকিস্তানে সাংবাদিক, ইউটিউবার ও সাবেক সেনা কর্মকর্তাদের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত সহিংসতা উসকে দেওয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিক, দুইজন ইউটিউবার এবং অবসরপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তা। শুক্রবার সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক তাহির আব্বাস সিপরা এই রায় ঘোষণা করেন।

তবে, অভিযুক্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তার এড়াতে তারা দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থান করছেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রসিকিউশনের অভিযোগ, ইমরান খানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই সাতজন ওই সহিংসতা উসকে দিতে ভূমিকা রাখেন। যদিও ইমরান খান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দণ্ডপ্রাপ্ত এক সাংবাদিক গণমাধ্যমে জানান, এই রায় রাজনৈতিক প্রতিহিংসার ফল। দাঙ্গার সময় তিনি পাকিস্তানে ছিলেন না।

আদালতের নির্দেশ অনুযায়ী, সাত দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। তারা দেশে ফিরলে পুলিশকে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মানবাধিকারকর্মী ও সাংবাদিক সংগঠনগুলো বলছে, পাকিস্তানে মতপ্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হচ্ছে।

যদিও সরকার দাবি করছে, তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ব মেনে চলতে হবে।