নির্বাচনের আগে গণভোটের দাবি ‘ষড়যন্ত্রমূলক’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি নতুন ষড়যন্ত্র।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশের পর দলটি একটি শোভাযাত্রা বের করে।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, “একটি রাজনৈতিক জোট নির্বাচনের আগে গণভোটের দাবি তুলে সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। আলাদা করে ভোট আয়োজনের কোনো প্রয়োজন নেই, এতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে।”

তিনি আরও বলেন, “যারা নির্বাচনের আগে গণভোটের কথা বলছে, তারা আসলে নির্বাচন প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি চায় নির্ধারিত সময়েই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। তা না হলে জনগণ সেটি মেনে নেবে না।”

সমাবেশ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নয়াপল্টন থেকে একটি শোভাযাত্রা বের হয়।