রাশিয়ায় ইউক্রনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ২

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, শনিবার থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫০টি মস্কোর দিকে আসছিল।

রোববার রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলা হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, পৃথক দুটি হামলায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।

মস্কোর কাছে একটি ২১ তলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার পর আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি থেকে প্রায় ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। হামলায় মস্কোর একটি বড় তেল শোধনাগারের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন।

রুশ কর্মকর্তারা হামলাটিকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন। সোবিয়ানিনের অভিযোগ, রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন ব্যাহত করাই ছিল হামলার অন্যতম উদ্দেশ্য। তবে তার দাবি, হামলার কারণে ভোটগ্রহণ বন্ধ হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়ে বলেন, মস্কো অঞ্চলে ইউক্রেনের দূরপাল্লার হামলার ‘খুবই উল্লেখযোগ্য’ প্রভাব পড়েছে। তার দাবি, রাশিয়ার তেলশিল্পের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ একটি লজিস্টিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার হামলাও অব্যাহত

এদিকে একই সময়ে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া রাতভর দেশটির বিভিন্ন এলাকায় ১৩৮টি ড্রোন ছুড়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, এর মধ্যে ১০১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হওয়ার কথাও জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।