‘আইফোন ছিনিয়ে নিতেই’ অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

যেভাবে ঘটনা সামনে আসে

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি।

নিখোঁজের পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।

পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যাওয়ার পর তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

এদিকে অপ্রতিম হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।