আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর উপকূলীয় কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস সিটির দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৭.৮ এবং গভীরতা ৫৫.২ কিলোমিটার বলে জানিয়েছে।
ভূমিকম্পে জেনারেল সান্তোস সিটিসহ আশপাশের এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, উদ্ধারকাজ চলমান থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিভিন্ন গণমাধ্যমে যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, জনপ্রিয় ফাস্টফুড চেইন জোলিবি রেস্টুরেন্টের একটি ভবনের উপরের অংশ ধসে পড়েছে। এছাড়া একটি বাণিজ্যিক কমপ্লেক্সের কংক্রিটের বাইরের দেয়ালও ভেঙে পড়েছে।
দাভাও দেল সুর এলাকায় একটি উচ্চবিদ্যালয়ের অংশবিশেষ ধসে পড়ে। সে সময় শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান করছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এদিকে জেনারেল সান্তোস সিটির একটি কনভিনিয়েন্স স্টোরের প্রবেশপথ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে ভাঙা কাচ ও উল্টে যাওয়া বেঞ্চ।
ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার এবং ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে। কারণ, পরবর্তী আফটারশকের ঝুঁকি এখনও রয়েছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
