আমি যা বলি, নেতানিয়াহু তা-ই করে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নির্দেশ অমান্য করেননি।

সোমবার বিবিসির নর্থ আমেরিকা সম্পাদক সারাহ স্মিথের সঙ্গে সংক্ষিপ্ত এক ফোনালাপে ট্রাম্প এ মন্তব্য করেন।

ইরানে হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, রোববার তিনি যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তখন ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যেই লক্ষ্যবস্তুর দিকে রওনা হয়ে গিয়েছিল।

নেতানিয়াহু তার অবস্থানের বিরোধিতা করেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি যদি তাকে কিছু করতে বলি, সে তা-ই করে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপটি এক মিনিটেরও কম সময় স্থায়ী হয়।

এর আগে ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা নিয়ে নানা আলোচনা চলছিল। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য দুই দেশের মধ্যে সমন্বয় নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।