‘চিরদিন তুমি যে আমার’ চলচ্চিত্রের অভিনেতা রাহুল মারা গেছেন

ভারতের বাংলা বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। শুটিং করতে গিয়ে সমুদ্রে নামার পর পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

রোববার পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা দিঘার কাছাকাছি তালসারিতে একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিং শেষে তিনি সমুদ্রে নামেন। এ সময় হঠাৎই তিনি পানিতে তলিয়ে যান।

পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের ভাষ্য, ঘটনাটি আকস্মিক এবং কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে যাওয়াই তাঁর মৃত্যুর কারণ।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঞ্চনাটক, টিভি নাটক ও চলচ্চিত্র-সব মাধ্যমেই তাঁর উপস্থিতি ছিল। জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি–তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান।

চলচ্চিত্রেও তাঁর অভিনয় নজর কেড়েছে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, জোশ, ল্যাপটপ, আশ্চর্য প্রদীপ এবং অভিশপ্ত নাইটি। এসব সিনেমায় তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

হঠাৎ এ দুর্ঘটনায় একজন প্রতিভাবান অভিনেতার জীবনাবসান হলো, যা বাংলা বিনোদন অঙ্গনের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।