বাংলাদেশ বাদ পড়ার পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। সোমবার (২৭ জানুয়ারি) দলটির স্কোয়াড প্রকাশ করা হয়।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট।

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। তার পরিবর্তে ইউরোপীয় দল স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

রিচি বেরিংটনের নেতৃত্বে স্কটল্যান্ড দলটি এর আগে নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ছয়টিতে অংশ নিয়েছে।

ঘোষিত ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি দুটি ট্রাভেলিং রিজার্ভ এবং তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভও রেখেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।

স্কটল্যান্ড ক্রিকেটের হেড অব পারফরম্যান্স স্টিভ স্নেল দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কোচিং স্টাফ, নির্বাচক ও আমরা সবাই নির্বাচিত স্কোয়াডটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। এটি একটি ভারসাম্যপূর্ণ দল এবং ভারতের কন্ডিশনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো মোকাবিলার জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘এটি বড় একটি সুযোগ। যুব পর্যায় ও ‘এ’ দলে সে নিজের গতি ও দক্ষতার প্রমাণ দিয়েছে। প্রথম আন্তর্জাতিক সফরে তাকে দেখতে আমরা রোমাঞ্চিত।’

গ্রুপ ‘সি’-তে থাকা স্কটল্যান্ড বিশ্বকাপে খেলবে ইংল্যান্ড, ইটালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

স্কটল্যান্ডের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ স্কোয়াড:
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল।

ট্রাভেলিং রিজার্ভ:
জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস।