আবু হানিফ
ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে টুপি কখনোই শুধু পোশাকের অনুষঙ্গ ছিল না। এটি ছিল পরিচয়, ক্ষমতা ও রাজনৈতিক অবস্থানের দৃশ্যমান ভাষা। ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন, আর সেখান থেকে স্বাধীন বাংলাদেশ প্রতিটি পর্বেই টুপি রাজনৈতিক বার্তা বহনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।
কংগ্রেসের গান্ধী টুপির বিপরীতে জিন্নাহর আলাদা পরিচয়:
মহাত্মা গান্ধী যখন সাদা খদ্দরের গান্ধী টুপিকে ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেন, তখন মুহাম্মদ আলী জিন্নাহ সচেতনভাবে ভিন্ন পথ বেছে নেন। তার উপলব্ধি ছিল-একই প্রতীক ব্যবহার করলে মুসলিম রাজনৈতিক স্বতন্ত্র ঝাপসা হয়ে যাবে।
এই চিন্তা থেকেই মুসলিম লীগের নেতৃত্বে তিনি ফেজ টুপি এবং পরবর্তীতে কারাকুল টুপি- যা পরিচিত হয় ‘জিন্নাহ ক্যাপ’ নামে। পরে জিন্নাহ ক্যাপ নামেই ব্যবহার শুরু করেন। এটি ছিল সরাসরি রাজনৈতিক ঘোষণা:
আমরা আলাদা রাজনৈতিক সত্তা- কারাকুল টুপি: আধুনিকতা ও মুসলিম পরিচয়ের সংমিশ্রণ
জিন্নাহর টুপির বিশেষত্ব ছিল এর নকশা ও উৎসে। এটি ছিল না ধর্মীয় মোল্লা-ধাঁচের টুপি, আবার গান্ধীর মতো গ্রামীণ প্রতীকও নয়। মধ্য এশীয়-ইসলামি ঐতিহ্য থেকে নেওয়া হলেও এর কাট ও ব্যবহার ছিল আধুনিক। ফলে কারাকুল টুপি একসঙ্গে তিনটি বার্তা দেয়-
প্রথমত মুসলিম পরিচয়, দ্বিতীয়ত আধুনিক রাষ্ট্রচিন্তা ও তৃতীয়ত ধর্মীয় উগ্রতা নয়, সাংবিধানিক রাজনীতি।
এই প্রতীক বিশেষভাবে মুসলিম মধ্যবিত্ত ও অভিজাত শ্রেণিকে আকৃষ্ট করে, যারা নিজেদের ‘পিছিয়ে পড়া’ জাতি হিসেবে দেখতে চাইত না।
সংবাদপত্র ও আলোকচিত্রে পরিকল্পিত উপস্থিতি জিন্নাহ প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তেই এই টুপি পরিধান করতেন। মুসলিম লীগের অধিবেশন,
ব্রিটিশ ভাইসরয়ের সঙ্গে সাক্ষাৎ, সংবাদপত্রের জন্য তোলা আলোকচিত্রে।
ফলে ধীরে ধীরে একটি সমীকরণ গড়ে ওঠে। টুপি = জিন্নাহ, জিন্নাহ = মুসলিম লীগের রাজনীতি। সংবাদপত্র ও আলোকচিত্রের যুগে এই ভিজ্যুয়াল পুনরাবৃত্তি ছিল অত্যন্ত কার্যকর রাজনৈতিক কৌশল।
ধর্ম নয়, পরিচয়ের রাজনীতি:
উল্লেখযোগ্য বিষয় হলো জিন্নাহ ব্যক্তিগতভাবে খুব ধার্মিক ছিলেন না, ধর্মভিত্তিক রাজনীতিও করেননি। তবু তিনি বুঝেছিলেন, উপমহাদেশের রাজনীতিতে পরিচয় দৃশ্যমান না হলে তা শক্তিশালী হয় না। তাঁর কাছে টুপি ছিল; ধর্মীয় অনুশীলন নয় বরং রাজনৈতিক সাইনবোর্ড। এই কারণেই মুসলিম লীগে টুপি ধীরে ধীরে দলীয় সংস্কৃতিতে পরিণত হয়।
পাকিস্তান আন্দোলনে টুপির গণপ্রসার:
১৯৪০ সালের লাহোর প্রস্তাবের পর পাকিস্তান আন্দোলন যখন গণরূপ পায়, তখন টুপি হয়ে ওঠে রাজনৈতিক আনুগত্যের চিহ্ন। মুসলিম লীগের কর্মীরা সভা-মিছিল ও প্রচারে টুপি পরতে শুরু করেন। গ্রাম থেকে শহর টুপি জানিয়ে দিত, ‘আমি পাকিস্তান আন্দোলনের সঙ্গে আছি।’
পাকিস্তান ও বাংলাদেশ পর্ব: প্রতীকের রূপান্তর:
১৯৪৭-এর পর পাকিস্তানে টুপি কখনো রাষ্ট্রীয় আধুনিকতার প্রতীক, কখনো ধর্মীয় পরিচয়ের বাহক হয়ে ওঠে। পশ্চিম পাকিস্তানে ফেজ টুপির ব্যবহার বাড়লেও পূর্ব বাংলায় নামাজের টুপি ও ঐতিহ্যগত পোশাক রাজনৈতিক পরিসরে বেশি দৃশ্যমান ছিল।
১৯৭১-এর পর স্বাধীন বাংলাদেশে টুপি নতুন অর্থ পায়। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কর্মীদের মধ্যে সাদা টুপি রাজনৈতিক পরিচয়ের শর্টহ্যান্ডে পরিণত হয়। অন্যদিকে ধর্মনিরপেক্ষ রাজনীতিতে টুপি অনুপস্থিত থাকলেও রাষ্ট্রীয় অনুষ্ঠান ও বিশেষ দিবসে বিভিন্ন হেডগিয়ার প্রতীকী উপস্থিতি জানায়-রাজনীতি শুধু বক্তৃতায় নয়, দৃশ্যেও কথা বলে।
বর্তমান সময়: টুপি, মিছিল ও মিডিয়ার রাজনীতি
আজকের দিনে টুপি রাজনৈতিক মিছিল-মিটিংয়ে দলীয় পরিচয়ের দ্রুততম চিহ্ন। ক্যামেরার ফ্রেমে টুপির সারি শক্তি প্রদর্শনের বার্তা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির রাজনীতিতে একটি টুপিই রাজনৈতিক অবস্থান বোঝাতে যথেষ্ট।
বিশ্লেষকদের মতে, টুপি এখন ‘সফট পাওয়ার’-এর অংশ। যা বক্তৃতার চেয়েও দ্রুত বার্তা দেয়, বিতর্ক তৈরি করে এবং সমর্থন-বিরোধিতাকে দৃশ্যমান করে তোলে।
কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ টুপিকে আবেগের নয়, বুদ্ধিবৃত্তিক রাজনীতির অস্ত্র বানিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন রাজনীতি শুধু ভাষণে হয় না, হয় দৃশ্যে।
ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত টুপির যে রাজনৈতিক ভাষা, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল পরিকল্পিতভাবে, ঠাণ্ডা মাথায়, দীর্ঘমেয়াদি কৌশলে।
সময় বদলালেও টুপি রয়ে গেছে ক্ষমতা, পরিচয় ও রাজনীতির এক নীরব কিন্তু শক্তিশালী প্রতীক হিসেবে।
আবু হানিফ, সাবেক শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
