স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেও প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার শীর্ষ রেফারি ওমর আরতান।
এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা ও অভিবাসন নীতি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, শনিবার দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছানোর পর ওমর আরতানকে ‘নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগের’ কারণে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফিফার ঘোষিত ৫২ জন বিশ্বকাপ রেফারির তালিকায় থাকা আরতান প্রথম সোমালি হিসেবে বিশ্বকাপ ম্যাচ পরিচালনার ইতিহাস গড়তে যাচ্ছিলেন। তার যুক্তরাষ্ট্রে পৌঁছানো থেকে ধারণা করা হচ্ছে, ভ্রমণের আগে তার বৈধ ভিসা ছিল।
উল্লেখ্য, সোমালিয়া বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর একটি। এর আগে ট্রাম্প সোমালি অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছিলেন।
বিশ্বকাপকে ঘিরে এটি যুক্তরাষ্ট্রের ভ্রমণ নীতিবিষয়ক সর্বশেষ বিতর্ক। এর আগে ভিসা জটিলতার কারণে ইরানের জাতীয় দলকে মেক্সিকোতেই অবস্থান করতে হয়েছে। এমনকি দলটির কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসাও পাননি।
এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বিশ্বকাপ চলাকালে শহরে অতিরিক্ত অভিবাসন কর্মকর্তার মোতায়েন পরিকল্পনার সমালোচনা করেছেন।
তিনি বলেন, অভিবাসীরাই ফুটবল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।
