নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ সংক্রান্ত একটি চিঠি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে এমন কিছু শর্তের কথা বলা হয়েছে, যা বাস্তবসম্মত নয় এবং বাংলাদেশের জন্য গ্রহণযোগ্যও নয়।
আজ বিকেলে বাফুফে ভবনে সৌজন্য সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সেসময় তিনি বলেন, আইসিসির নিরাপত্তা টিমের পর্যবেক্ষণে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ দলের সঙ্গে মুস্তাফিজুর রহমান থাকলে ঝুঁকি বাড়বে, বাংলাদেশি সমর্থকেরা ভারতে জার্সি পরে চলাফেরা করলে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে এবং নির্বাচন যত এগোবে, ঝুঁকিও তত বাড়বে।
এই পর্যবেক্ষণকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন, সমর্থকদের জার্সি পরার ওপর বিধিনিষেধ কিংবা ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো প্রস্তাব কোনোভাবেই বাস্তবসম্মত হতে পারে না।
মুস্তাফিজ ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এসব পর্যবেক্ষণই প্রমাণ করে যে ভারতের মাটিতে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলার পরিবেশ অনুকূল নয়।
তার মতে, আইসিসির নিরাপত্তা টিমের চিঠি সন্দেহাতীতভাবে সেই আশঙ্কাকেই শক্তিশালী করেছে।
ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে আসিফ নজরুল জানান, ভারতের বাইরে অন্য কোনো দেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হলে বাংলাদেশের আপত্তি নেই।
পাকিস্তানের আগ্রহের বিষয়টি তিনি গণমাধ্যমে দেখেছেন বলে উল্লেখ করেন, তবে সেটির সত্যতা নিশ্চিত করেননি।
একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, পাকিস্তান ইতোমধ্যে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং বিসিবিও এ বিষয়ে আইসিসির কাছে দাবি জানিয়েছে।
তবে আইসিসির নিরাপত্তা চিঠিটি কবে এবং কাকে পাঠানো হয়েছে। সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, চিঠিটি সাংবাদিকদের দেখানো হবে।
এ অবস্থায় ভারতের ভেন্যুতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।
