স্পোর্টস ডেস্ক:
সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন জাবি আলোনসো। এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
এই সিদ্ধান্তের এক দিন আগেই সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায় আলোনসোর দল। সেই পরাজয়ের পরই কোচ পরিবর্তনের ঘোষণা এলো।
আলোনসোর জায়গায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলভারো আরবেলোয়া। ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার এতদিন ক্লাবের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, ‘ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রথম দলের কোচ হিসেবে তাঁর দায়িত্বের ইতি টানা হয়েছে। জাবি আলোনসো সব সময়ই রিয়াল মাদ্রিদের সমর্থকদের ভালোবাসা ও সম্মান পাবেন। তিনি আমাদের ক্লাবের একজন কিংবদন্তি এবং সবসময় ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তাঁর ঘর হয়ে থাকবে।’
গত বছরের বড়দিনের আগেই চাপের মুখে পড়েছিলেন আলোনসো। আট ম্যাচে মাত্র দুটি জয়, লিভারপুল, সেল্তা ভিগো ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হার। সব মিলিয়ে কঠিন সময় পার করছিল দল। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে সুপার কাপ ফাইনালের আগে টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছিল রিয়াল।
২০২৪ সালে বায়ার লেভারকুজেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতানোর পর গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়ালের দায়িত্ব নেন আলোনসো।
খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালে খেলে তিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা ও দুটি কোপা দেল রে জিতেছিলেন।
কোচ হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে, যেখানে প্যারিস সাঁ জার্মাঁর কাছে ৪-০ গোলে হারে রিয়াল।
২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচে ১৩টি জয় দিয়ে দুর্দান্ত শুরু করলেও নভেম্বরের পর পারফরম্যান্সে ভাটা পড়ে।
নতুন কোচ আলভারো আরবেলোয়া খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলে খেলেছেন এবং স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের অংশ ছিলেন। ২০২০ সালে রিয়ালের একাডেমিতে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।
