স্পোর্টস ডেস্ক:
২০২৬ টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ঘিরে জটিলতা আরও ঘনীভূত হচ্ছে। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু প্রস্তাব দিতে যাচ্ছে এমন ইঙ্গিত মিলছে ভারতীয় গণমাধ্যমে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করেছে, ভারতের ভেতরে ভেন্যু বদল মানেই ভারতের মাটিতেই খেলা, যা তাদের মূল নিরাপত্তা উদ্বেগের সমাধান করে না।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, টুর্নামেন্ট শুরুর একেবারে প্রাক্কালে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু সরানো লজিস্টিক্যালি কঠিন বলে মনে করছে আইসিসি।
তাই বিকল্প হিসেবে কলকাতা ও মুম্বাইয়ের বদলে চেন্নাই ও তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ভাবনা চলছে।
এ নিয়ে ইতিমধ্যে তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানা গেছে।
কিন্তু বিসিবির অবস্থান বরাবরের মতোই অনড়। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, ভেন্যু ভারতের অন্য শহরে নিলেও সেটি মূল উদ্বেগ দূর করে না।
তাঁর ভাষায়, ভারতের ভেতরে ম্যাচ হলে নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন থেকেই যায়। সে কারণেই বিসিবি একক সিদ্ধান্তে না গিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে চায়।
এই ভেন্যু বিতর্কের সূত্রপাত মূলত ভারতের ভেতরে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে। গত ৩ জানুয়ারি উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি আরও প্রকট হয়।
বিসিবির যুক্তি যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দল, সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?
আইসিসির সম্ভাব্য পাল্টা যুক্তির কথাও উঠে এসেছে ভারতীয় প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভারতে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এ উদাহরণ দেখিয়ে আইসিসি ভারতের ভেতরে খেলাকে নিরাপদ বলে দাবি করতে পারে।
বর্তমান সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে বিসিবি শ্রীলঙ্কার বিকল্পে অনড় থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত সমাধান অনিশ্চিতই থেকে যাচ্ছে।
