ভেনিজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নেয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে।
শনিবার মার্কিন বাহিনী ভেনিজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যায়।
এর প্রতিবাদে সন্ধ্যায় পুরানা পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়ে ঢাকার কদম ফোয়ারা হয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকা ঘুরে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
মিছিল থেকে ভেনিজুয়েলা ও মাদুরোর সমর্থনে স্লোগান দিতে দেখা যায়।
পরে চিকিৎসক আবু সাঈদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বামপন্থি রাজনীতিবিদরা বক্তব্য দেন।
তারা মার্কিন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে নিকোলাস মাদুরোকে সস্ত্রীক মুক্তির দাবি জানান।
একইসঙ্গে বাংলাদেশ সরকারকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি জানান।
সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে মিথ্যা অজুহাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার জনগণের প্রতিনিধি মাদুরোকে অপহরণ করা হয়েছে। আমেরিকার মূল লক্ষ্য ভেনেজুয়েলার খনিজ সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।”
