পেনশনারদের পেনশন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সাথে করতে অনলাইন পেনশন ট্রেকিং এন্ড ম্যানেজম্যান্টের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) নূরুল ইসলামের সভাপতিত্বে সিএজি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিজিএ, সিজিডিএফ, এডিজি (অর্থ) ও বাংলাদেশ রেলওয়ে কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, এই সিস্টেমের মাধ্যমে পেনশনার পেনশন আবেদন জমার পর তার পেনশন ফাইলের সর্বশেষ অগ্রগতি কোন কার্যালয়ে কোন পর্যায়ে রয়েছে- তা আবেদনকারী নিজেই অনলাইনে দেখতে পাবেন।
এ কার্যক্রম সফলভাবে ও অতি দ্রুত বাস্তবায়নের জন্য সিজিএ, সিজিডিএফ, এডিজি (অর্থ) ও বাংলাদেশ রেলওয়ে কার্যালয়কে এসপিএফএমএস কর্মসূচির সংশ্লিষ্ট কম্পোনেন্টের কারিগরি টিমের সাথে নিয়মিত যোগাযোগ ও সব ধরণের সহাযোগিতা করার নির্দেশ দিয়েছেন সিএজি নূরুল ইসলাম।
তিনি বিভিন্ন বিষয়ে পেনশনভোগীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেন।
নূরুল ইসলাম আশা করেন যে, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে অনলাইন পেনশন ট্রেকিং এন্ড ম্যানেজম্যান্ট প্রক্রিয়া দ্রুত পূর্ণাঙ্গ রূপ পাবে এবং এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা অধিক স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী ডিজিটাল পেনশন সেবা পাবেন।
