কূটনৈতিক প্রতিবেদক:
ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।
কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের কয়েকটি স্থানে বাংলাদেশ মিশন ঘিরে সাম্প্রতিক সময়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তুলে ধরা হয়।
এ সময় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করার অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভিয়েনা কনভেনশনের আওতায় স্বাগতিক দেশের দায়িত্ব-সে বিষয়টি গুরুত্বের সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়।
এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে তলব করা হলো।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে এ পর্যন্ত অন্তত ছয়বার ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৪ ডিসেম্বর ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ। সে সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা চাওয়া হয়।
পাশাপাশি, তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছিল।
একই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও ভারতের কাছে তুলে ধরা হয়।
কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক এই তলব দুই দেশের সম্পর্কের সংবেদনশীল সময়কে ইঙ্গিত করছে এবং নিরাপত্তা ও পারস্পরিক আস্থার প্রশ্নে ঢাকা-দিল্লির মধ্যে যোগাযোগ আরও নিবিড় হচ্ছে।
