পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনে তীব্র বিক্ষোভের মুখে বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা।
বিশ্ব হিন্দু পরিষদ- ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা বিক্ষোভের পর ভিসা কেন্দ্রে বন্ধের দাবি জানায়। এরপর ভিসা কেন্দ্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এমনটাই সংবাদ প্রকাশ করেছে ভারতের শিলিগুড়ি টাইমস।
এছাড়াও অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন ভিসা সেন্টার থেকে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র একটি দল। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়।
