স্পোর্টস ডেস্ক:
খেলাধুলার জগতে সবচেয়ে পুরোনো বিতর্কগুলোর একটি হলো- লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা নাকি পেলে, কে সর্বকালের সেরা?
বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে এই বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বিবিসি স্পোর্টস বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ কিংবদন্তি ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে।
সেখানে মেসি ও ম্যারাডোনাকে ছাড়িয়ে সর্বকালের সেরা বিশ্বকাপ কিংবদন্তির স্বীকৃতি পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।
বিবিসির মূল্যায়নে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় নাম পেলে। ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তিনবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা জানান পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে তাঁর ১২ গোল আজও কিংবদন্তি হয়ে আছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত নৈপুণ্য হিসেবে বিবেচনা করা হয়।
সেই আসরে ম্যারাডোনা পাঁচ গোল করার পাশাপাশি পাঁচটি গোলেও সহায়তা করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।
তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতান তিনি।
পুরো টুর্নামেন্টে সাত গোল ও তিন অ্যাসিস্ট করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ ও মিনিট খেলার রেকর্ডও এখন তাঁর দখলে।
বিবিসির তালিকায় চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তি ডানপ্রান্তের ডিফেন্ডার কাফু। তিনটি টানা বিশ্বকাপ ফাইনাল খেলার বিরল কৃতিত্ব রয়েছে তাঁর। পঞ্চম স্থানে রয়েছেন জার্মানির ফ্রানৎস বেকেনবাওয়ার, যিনি খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।
এ ছাড়া তালিকার বাকি পাঁচজন হলেন ব্রাজিলের রোনালদো নাজারিও, ইংল্যান্ডের ববি মুর, জার্মানির লোথার ম্যাথাউস, ফ্রান্সের জিনেদিন জিদান এবং ইংল্যান্ডের জিওফ হার্স্ট।
বিবিসির সেরা ১০ বিশ্বকাপ কিংবদন্তি
১. পেলে
২. দিয়েগো ম্যারাডোনা
৩. লিওনেল মেসি
৪. কাফু
৫. ফ্রানৎস বেকেনবাওয়ার
৬. রোনালদো নাজারিও
৭. ববি মুর
৮. লোথার ম্যাথাউস
৯. জিনেদিন জিদান
১০. জিওফ হার্স্ট
বিতর্কের শেষ হয়তো কখনোই হবে না। তবে বিশ্বকাপের পারফরম্যান্স, অর্জন এবং প্রভাব বিবেচনায় বিবিসির এই মূল্যায়নে পেলে-ই ইতিহাসের সেরা বিশ্বকাপ কিংবদন্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আর তাঁর ঠিক পেছনেই অবস্থান ম্যারাডোনা ও মেসির।
