ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতরা যাতে দেশ ছাড়তে না পারে, সেজন্য সীমান্তে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাতে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
ঢাকার বিজয়নগর এলাকায় দুপুরে গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী তিনি, তফসিল ঘোষণার পরদিনই তিনি হামলার শিকার হন।
রাতের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির উপর হামলার ঘটনা তার সরকারের সময়ের অন্যতম উদ্বেগজনক ঘটনা।
“এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।”
এর মাধ্যমে জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, “যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে হবে।”
তাৎক্ষনিকভাবে সীমান্তে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “হামলাকারীরা যাতে কোনভাবেই দেশ ছাড়তে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।”
