নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের মানুষের সমর্থন অর্জনে বিএনপি শুধু ধর্মীয় আবেগ নয়, বরং জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির বাস্তবসম্মত পরিকল্পনা সামনে আনতে চায়। জনগণ আমাদের কাছে কী চায়, তা দিতে হবে। শুধু ধর্মের ট্যাবলেট বিক্রি করে রাজনীতি করা যাবে না।’
রোববার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কী কী করতে চায়-তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
ধর্মের নামে রাজনীতিকে সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা শুধু বলে এই মার্কায় ভোট দিলে জান্নাত, তারা ইহকালের বাস্তব চাহিদা-চাকরি, আয়, শিক্ষা, স্বাস্থ্য-এসবের কোনো কথা বলে না। নীতি-আদর্শ ও পরিকল্পনাহীন এই রাজনীতি জনগণের সাথে প্রতারণা।’
এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে বিএনপিই মূল ভূমিকা রেখেছে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, চতুর্থ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার চালু, ১৯৯০ এর আন্দোলনে বিজয় সবকিছুই বিএনপির অবদান বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের অপর নাম বিএনপি। দেশীয়-বিদেশী ষড়যন্ত্রে জিয়াউর রহমান শহিদ হয়েছেন। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রয়েছে।’
সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার ওপর জোর দেন।
