নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
প্রথা অনুযায়ী বঙ্গভবনের পরিবর্তে এবার সংসদ প্রাঙ্গণে এই আয়োজন করা হচ্ছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাইয়ের ছাত্র–জনতার অভ্যুত্থান এবং আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, তার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংসদ প্রাঙ্গণেই শপথ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন বলে ধারণা করা হচ্ছে।
এরপর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবে।
বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সর্বশেষ কূটনৈতিক সূত্র বলছে, ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রিত অতিথিদের তালিকা চূড়ান্ত করছে। দক্ষিণ প্লাজাকে বর্ণিল সাজে সাজানোর প্রস্তুতিও শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, গণঅভ্যুত্থানের চেতনায় আয়োজিত এই শপথ অনুষ্ঠান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।
