চোখের ক্ষতি করে যে ৫ খাবার

খাবার যেমন মানুষের দৃষ্টিশক্তির জন্য জরুরি, তেমনি কিছু খাবার চোখের ক্ষতির কারণ হতে পারে।

বিশ্বজুড়ে জনপ্রিয় এসব খাবার শুধু চোখ নয়, মানবদেহে নানা বিপদ ডেকে আনছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার বেশি হলে তা চোখে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চোখের ক্ষতি হয় যেসব খাবারে

১. অতিরিক্ত মিষ্টি খাবার
মিষ্টি, কোমল পানীয় বা দুধ চা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এতে রেটিনার ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকি বাড়ায় এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ হতে পারে।

২. অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার
ডিপ-ফ্রাইড খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, বেকন বা সসেজের মতো খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এগুলো রক্তে কোলেস্টেরল বাড়িয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং রেটিনা ও অপটিক নার্ভের ক্ষতি করতে পারে।

৩. প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবারে সাধারণত সংরক্ষণকারী উপাদান, লুকানো চিনি ও বিভিন্ন অ্যাডিটিভ থাকে। এগুলো কোষে অক্সিডেটিভ চাপ বাড়িয়ে চোখের টিস্যু, বিশেষ করে ম্যাকুলা ও লেন্সের ক্ষতি করতে পারে।

৪. অতিরিক্ত লবণযুক্ত খাবার
শুঁটকি, আচার, ক্যানজাত খাবার বা অতিরিক্ত লবণযুক্ত খাবার শরীরে রক্তচাপ বাড়াতে পারে। এতে চোখের সূক্ষ্ম রক্তনালী ও অপটিক নার্ভের ওপর চাপ পড়ে এবং গ্লুকোমাসহ বিভিন্ন চোখের রোগের ঝুঁকি বাড়ে।

৫. অ্যালকোহল
অতিরিক্ত অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে তোলে, ফলে চোখ শুষ্ক ও জ্বালাপোড়া হতে পারে। এতে চোখের সুরক্ষামূলক অশ্রুস্তরের গুণগত মানও কমে যায় এবং দৃষ্টি ঝাপসা হওয়ার ঝুঁকি বাড়ে।

চোখ ভালো রাখতে করণীয়

বিশেষজ্ঞদের পরামর্শ, চোখের সুস্থতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি।

ভিয়েতনামের হাই-টেক আই সেন্টারের চিকিৎসক দুয়ং মিন ফুক বলেন, সঠিক পুষ্টি চোখের রেটিনা, কর্নিয়া ও ম্যাকুলাসহ বিভিন্ন অংশের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

“ভিটামিন এ, লুটেইন ও জিয়াজ্যানথিন দৃষ্টিশক্তি রক্ষা করে এবং নীল আলো ও ফ্রি-র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রেটিনাকে সুরক্ষা দেয়।”

এছাড়া ওমেগা–৩ কর্নিয়ার ওপর অশ্রুস্তর বজায় রাখতে সাহায্য করে, ফলে চোখ শুষ্ক হওয়া ও চোখের ক্লান্তি কমে। ভিটামিন সি, ই ও জিংক অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা বাড়িয়ে চোখের টিস্যু সুরক্ষায় সহায়তা করে।

দীর্ঘদিন এসব পুষ্টির ঘাটতি থাকলে বা ভারসাম্যহীন খাদ্যাভ্যাস থাকলে চোখে রক্ত সরবরাহে সমস্যা তৈরি হতে পারে। এতে ম্যাকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে।