মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা, আঞ্চলিক যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া এই হামলায় দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময়ে ইসরাইল লেবাননেও জোরালো হামলা চালিয়ে যাচ্ছে, ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই সামরিক অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এর ইরানবিরোধী সামরিক অভিযান সীমিত করার একটি প্রস্তাব উত্থাপন করা হলেও তা শেষ পর্যন্ত পাস হয়নি। ভোটাভুটিতে ৫৩–৪৭ ভোটে প্রস্তাবটি আটকে যায়। ফলে ট্রাম্প প্রশাসনের ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পথ আপাতত খোলা থাকছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির পশ্চিম সীমান্তে নতুন নিরাপত্তা হুমকির কথা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরাক সীমান্তে ‘সন্ত্রাসী তৎপরতা’ বাড়ার আশঙ্কা রয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র কুর্দি বাহিনীর সঙ্গে আলোচনা করছে এবং তাদের অস্ত্র দিয়ে তেহরানের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে।

সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর ফলে অনেক কার্গো জাহাজ ওই পথ এড়িয়ে চলতে শুরু করেছে, যা আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে।