আইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে পরিকল্পনায় রেখে আইসিসিকে চিঠি পাঠাবে বিসিবি।
ভারত ইস্যুতে বাংলাদেশ সরকারের কড়া বার্তা পাওয়ার পর রোববার এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির পরিচালকরা।
আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তানও তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে।
মুস্তাফিজকে নিয়ে যা হচ্ছে ভারত-বাংলাদেশে
ভারত-বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক শীতল সম্পর্ক আরও তলানিতে নেমেছে মুস্তাফিজ ইস্যুতে।
আরও পড়ুন: আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ
এ বছরের আইপিএলের জন্য বাংলাদেশি পেসারকে চড়া দামে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের কেকেআর।
কলকাতা নাইট নাইটার্সের এই সিদ্ধান্তে প্রথম প্রতিক্রিয়া তৈরি হয় ভারতে। ভারতীয়দের একটি অংশ আইপিএলে কোন বাংলাদেশি ক্রিকেটারকে খেলানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করে।
একপর্যায়ে কেকেআর মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়ার তথ্য সামনে আসার পর আরেক দফা বিতর্ক তৈরি হয় ভারত-বাংলাদেশে।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা মুস্তাফিজ ইস্যুতে ক্ষোভ জানিয়ে ঢাকার তরফ থেকে কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানাতে থাকে।
বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় থেকেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানানো হয়। এরপরই এলো বিসিবির কঠিন সিদ্ধান্ত।
মুস্তাফিজ ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত
বিসিবির একজন পরিচালক বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সরকারের সংকেত পেয়ে অনলাইনে জরুরি সভা ডেকে রোববার তারা আইসিসিকে চিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
“মুস্তাফিজ ইস্যুর পর আমাদের ক্রিকেটারদের ভারতে খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে, সেটি আমরা বিবেচনায় নিয়েছি। ভারত থেকে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আমরা আইসিসিকে বলবো।”

1 thought on “মুস্তাফিজ ইস্যুতে কড়া সিদ্ধান্ত, ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ”
Comments are closed.