শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার

নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপিতে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী ও সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সিদ্ধান্ত অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম (নীরব), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আবদুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে অন্তত তিনজন-রুমিন ফারহানা, সাইফুল আলম ও হাসান মামুন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।

সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি জোট শরিকদের প্রার্থী ঘোষণা করায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়াকেই বহিষ্কারের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটগত সমঝোতা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে।