ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চার দফা দাবি তুলে ধরে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার আল্টিমেটাম দেওয়া হয়।
অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকলেও ভোগান্তি কমাতে ডাইভারশনের ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জরুরি যানবাহন ছাড়া সাধারণ যান চলাচল মোড়ে প্রবেশ করতে পারছে না। সময়ের সঙ্গে সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।
সমাবেশ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-খুনি ও খুনের সঙ্গে জড়িত পুরো চক্রের বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা, সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার।
সংগঠনের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
