স্পোর্টস ডেস্ক
আইপিএল নিলামের শুরুতেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামের টেবিলে উঠতেই প্রথম আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। দ্রুতই লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
ত্রিমুখী প্রতিযোগিতার শেষ হাসি হাসে কলকাতা ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় তারা।
এবারই প্রথমবার কলকাতার জার্সিতে খেলবেন মুস্তাফিজ। আইপিএলে এটি হবে তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।
বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের দিকে নজর থাকলেও শেষ পর্যন্ত নিলামে তিনি অবিক্রিতই থেকে যান।
নিলামের শুরুতে নাম উঠলেও দল পাননি জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্ক। তবে প্রথম ক্রিকেটার হিসেবে দল নিশ্চিত করেন ডেভিড মিলার ২ কোটিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের বড় আকর্ষণ ক্যামেরুন গ্রিনকে ঘিরে দেখা যায় তুমুল লড়াই। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকেও দলে ভেড়ায় কলকাতা।
অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস অ্যাটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন।
ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটিতে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, আর ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটিতে যোগ দেন বেঙ্গালুরুতে।
উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটিতে দলে নেয় মুম্বাই, বেন ডাকেটকে ২ কোটিতে নেয় দিল্লি, আর ফিন অ্যালেনকে ২ কোটিতে পায় কলকাতা।
তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ দল পাননি।
পেসারদের মধ্যে সবচেয়ে বেশি দাম ওঠে মাথিশা পাথিরানার। লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার লড়াই শেষে ১৮ কোটিতে তাকে দলে নেয় কলকাতা। জ্যাকব ডাফিকে ২ কোটিতে নেয় বেঙ্গালুরু, এনরিখ নরকিয়াকে ২ কোটিতে পায় লক্ষ্ণৌ।
ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি অবিক্রিত থাকেন।
স্পিনারদের সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান দল না পেলেও রবি বিষ্ণই ৭ কোটি ২০ লাখ রুপিতে যান রাজস্থান রয়্যালসে। আকিল হোসেনকে ২ কোটিতে নেয় চেন্নাই।
অনভিষিক্ত পেসারদের সেটে বড় চমক দেখান প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। ৩০ লাখ ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
শেষ দিকে অভিষিক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে পাথুম নিশাঙ্কাকে ৭৫ লাখে দলে নেয় দিল্লি ক্যাপিটালস, আর জেসন হোল্ডার ৭ কোটিতে যোগ দেন গুজরাটে।
