হাদির ওপর হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, জড়িতদের ছাড় নয়: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, বিজয়ের আনন্দের দিনে তিনি গভীর বেদনা নিয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন।

তাঁর ভাষায়, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা হাদির ওপর সাম্প্রতিক হামলা কোনো ব্যক্তিগত ঘটনা নয়; এটি দেশের গণতান্ত্রিক পথচলাকে থামানোর ষড়যন্ত্র।

প্রধান উপদেষ্টা বলেন, হামলায় গুরুতর আহত হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন অধ্যাপক ইউনূস।

ভাষণে তিনি বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। যারা এই ষড়যন্ত্রে যুক্ত, তারা যেখানেই থাকুক- আইনের আওতায় আনা হবে। পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সংযম বজায় রাখতে হবে এবং গুজব ও অপপ্রচারে কান দেওয়া যাবে না। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল।

লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত সেই স্বাধীনতার চেতনাই আজকের সব সংকটে পথ দেখায়। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভাষণের শেষে প্রধান উপদেষ্টা দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।