সীমান্তে ফের সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান, গোলাগুলিতে আহত ৩

সীমান্তে ফের সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান, দেশ দুটির সীমান্তরক্ষীদের গোলাগুলিতে অন্তত ৩ জন আহত হওয়ার তথ্য এসেছে।

তালেবানরা কাবুলের ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদ আফগান সীমান্তে সন্ত্রাসী হামলার জন্য তালেবানকে দায়ী করে আসছে।

তালেবান অভিযোগ অস্বীকার করলেও দুই পক্ষের উত্তেজনা সশস্ত্র সংঘাতে রুপ নিয়েছে।

গেল অক্টোবরের প্রাণঘাতি লড়াইয়ের থেমে থেমে সংঘর্ষে জড়াচ্ছে এশিয়ার এই দুই প্রতিবেশি দেশ।

আরও পড়ুন- যেভাবে প্রাণঘাতি সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

এর মধ্যে শুক্রবার গভীর রাতে চামান সীমান্তে ব্যাপক গুলি বিনিময় করে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী।

ঘটনার জন্য বরাবরের মত এবারও উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, আফগান বাহিনী প্রথমে বাদানি এলাকায় মর্টার শেল ছোড়ে, এর জবাবে পাকিস্তান পাল্টা গুলি চালায়।

তবে আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, প্রথমে পাকিস্তান তাদের স্পিন বোলদাক এলাকায় হামলা চালায়, তাই তারা পাল্টা জবাব দিয়েছে।

পাকিস্তানের স্থানীয় একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে ডন জানিয়েছে, রাত ১০টার দিকে গোলাগুলি শুরু হয়, যা চলে গভীর রাত পর্যন্ত। চামান-কান্দহার মহাসড়কেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

চামান জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মুহাম্মদ ওওয়াইস জানান, সংঘর্ষের পর এক নারীসহ ৩ ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।