দনবাস ছাড় না দিলে শক্তি প্রয়োগের হুমকি পুতিনের, শান্তি আলোচনায় অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহার না করে, তবে রাশিয়া শক্তি প্রয়োগ করে পুরো অঞ্চল দখল করবে।

ভারত সফরে গিয়ে ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

পুতিন বলেন, “আমরা হয় শক্তি প্রয়োগ করব, নয়তো ইউক্রেনীয় বাহিনী এলাকা ছেড়ে যাবে।” বর্তমানে দনবাসের প্রায় ৮৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, কোনো অবস্থাতেই দেশের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না।

এই মন্তব্য এসেছে এমন সময়, যখন মস্কোয় মার্কিন শান্তি আলোচনা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী। তবে আলোচনায় এখনো কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার শীর্ষ আলোচক ইউরি উশাকভ।

ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি বিলম্বিত করছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পুতিন বিশ্ববাসীর সময় নষ্ট করছেন।”

এদিকে ইউরোপীয় নেতারা আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে।