‘তৃতীয় বিশ্ব’ দেশ থেকে অভিবাসন স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
সব তৃতীয় বিশ্বের দেশ” থেকে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন।

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনায় আফগান বংশোদ্ভূত এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার পর এ ঘোষণা এলো।

ট্রাম্প এর আগে ১৯টি ‘উদ্বেগজনক দেশ’ থেকে আসা সব গ্রিন কার্ড আবেদন পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন। নতুন নিষেধাজ্ঞা সেই অবস্থানকে আরও কঠোর দিকে নিয়ে গেল।

বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘স্থায়ীভাবে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থগিত করা হবে, যাতে মার্কিন ব্যবস্থা পুনরুদ্ধার হতে পারে, এবং বাইডেনের আমলে ঢুকে পড়া মিলিয়ন অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা যায়।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘নেট সম্পদ নয়’ এমন কেউ, বা যারা ‘আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম’ তাদের দেশ থেকে অপসারণ করা হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, অ-নাগরিকদের সব ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। যারা ‘দেশের শান্তিভঙ্গ করে’ তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং ‘পাবলিক চার্জ’ বা নিরাপত্তা ঝুঁকি বিবেচিত বিদেশিদের বহিষ্কার করা হবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস-এর পরিচালক জোসেফ এডলো জানান, প্রেসিডেন্টের নির্দেশে তিনি ১৯টি নির্দিষ্ট দেশের সব গ্রিন কার্ড আবেদন নতুন করে কঠোরভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

সংস্থাটি এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও, এডলো সংবাদ সংস্থা এপি-কে জুন মাসের একটি প্রেসিডেন্ট ঘোষণা দেখতে বলেন, যেখানে ১৯ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, হাইতি, ইরান, মিয়ানমার, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

এর আগে USCIS ঘোষণা দেওয়া হয়, আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে, যতক্ষণ না নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ হয়।