পাকিস্তানের জেলে ইমরান খানকে হত্যার গুঞ্জন, পরিবারের উদ্বেগ

ইসলামাবাদ প্রতিনিধি

পাকিস্তানের কারাগারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করা হয়েছে, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সূত্রের বরাদ দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম জানিয়েছিল যে, আদিয়ালা জেলে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এ খবরটি মুহুর্তেই পাকিস্তানে ভাইরাল হয়ে যায়।

এরপর তার ছেলে কাসিম খান, পাকিস্তান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন।

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে।

ইমরান খান প্রায় আড়াই বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন।

কসিম খান জানিয়েছেন, গত দেড় মাস ধরে তার বাবাকে ‘ডেথ সেলে’ রাখা হয়েছে। ফলে পরিবারের কোন সদস্যই ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে তার বাবার ‘প্রুফ অফ লাইফ’ এবং আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে আদিয়ালা জেল কর্তৃপক্ষ দাবি করেছে, ইমরান খান সুস্থ আছেন। তার মৃত্যুর খবরকে গুজব বলছে কর্তৃপক্ষ।

ইমরান খান আগস্ট ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। দুর্নীতির মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।