ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগ ‘সরকার সমর্থকদের’ বিরুদ্ধে

বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছে।

ঢাকার তোপখানা রোডে দলটির অফিসে তালা ঝুলিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্র’ এর সাইনবোর্ড টানিয়ে দিয়েছে একদল ব্যক্তি।

বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

ওয়ার্কার্স পার্টির অভিযোগ, কার্যালয়ে হামলা-ভাংচুর ও দখলে জড়িতরা ‘সরকার সমর্থক মব সন্ত্রাসী’।

আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগের রাতে আক্রমণের শিকার হয়েছে ওয়ার্কার্স পার্টির কার্যালয়।

বামপন্থী রাজনৈতিক দলটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক।

গেল বছর ছাত্র আন্দোলনে ঢাকায় ক্ষমতায় রদবদল হওয়ার পর পার্টির সভাপতি রাশেদ খান মেননকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।

আওয়ামী লীগের শরীক দলগুলোর সঙ্গে ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দাবি তুলছে একটি মহল। এসব তৎপরতাকে অনেকে গণতন্ত্রের জন্য ‘বিপদজনক’ হিসেবে দেখছেন।

যা ঘটেছে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে

ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফায় দলটির কার্যালয়ে ভাংচুর চালানো হয়।

এসময় শতাধিক ব্যক্তি ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে রাশেদ খান মেননের ফাঁসির দাবিও তুলে।

দলটির অভিযোগ, পার্টি কার্যালয়ের অফিস সহকারী মনির হোসেনকে ‘মারধর করে হাতে বোমা ধরিয়ে’ পুলিশের হাতে তুলে দেয় ‘মব সন্ত্রাসীরা’।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হামলাকারীরা রাতে আবার এসে কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্র’ নামে সাইনবোর্ড টানিয়ে দেয়।

এ ঘটনার পর থেকে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকতে পারছেন না।

ওয়ার্কার্স পার্টির তিনজন নেতা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হামলাকারীরা কার্যালয় এলাকায় অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীদের ওপরও হামলা চালানোর চেষ্টা করছে।

এ বিষয়ে সহায়তা চেয়েও পুলিশের সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছে ওয়ার্কার্স পার্টি।