আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হলো বাংলাদেশ। দুই বছর আগে মিরপুরে ৭ উইকেটের জয়ের পর এবার সিলেটে আরও দাপুটে বাংলাদেশের দেখা মিলল।

ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। আর এই জয়ের কেন্দ্রে ছিলেন মাহমুদুল হাসান জয়। দীর্ঘদিন পর দলে ফিরে ভরসার জায়গাটা আবার নিজের করে নিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে স্পিন-পেস মিলিয়ে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে বাংলাদেশ দেখাল আলাদা দৃঢ়তা। জয় খেললেন ১৭১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। ডাবল সেঞ্চুরি ছোঁয়া হলো না, তবে তার ব্যাটেই দাঁড়াল বাংলাদেশের রানের পাহাড়। সঙ্গে শান্তর সেঞ্চুরি, সাদমান-মুমিনুল-লিটনের হাফসেঞ্চুরি। সব মিলিয়ে ৫৮৭ রান তুলে ৩০১ রানের বিশাল লিড নেয় স্বাগতিক বাংলাদেশ।

সেই লিডই হয়ে দাঁড়ায় ম্যাচের মোড় ঘোরানোর মূলে। তৃতীয় দিন শেষে আইরিশদের ৮৫ রানে ৫ উইকেটের ধস দেখে মনে হয়েছিল চতুর্থ দিনের সকালে হয়তো দ্রুতই শেষ হবে লড়াই।

কিন্তু ব্যাট হাতে ম্যাকব্রাইন, নেইল আর ম্যাককার্থি প্রতিরোধ গড়েন। ম্যাকব্রাইন করেন ৫২ রান ; নবম উইকেটে নেইল-ম্যাককার্থির ঝোড়ো ৫৬ রানে একটু টেনে দেন ম্যাচকে।

তবু দাঁড়াতে পারেনি আইরিশ ব্যাটিং। অভিষেক পরীক্ষা দারুণভাবেই উতরে গিয়ে মুরাদ ৪ উইকেট নেন, প্রথম ইনিংসের সঙ্গে মিলিয়ে মোট ৬ উইকেট। তাইজুল নেন ২, নাহিদ রানা ১ উইকেট। আইরিশদের দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানে, আর বাংলাদেশ উৎসব করে ইনিংস জয়ের।

জয় নির্বাচনে ছিলেন মূল আলোচনার বাইরে। ফর্মহীনতার কারণে দীর্ঘদিন জাতীয় দলে ছিলেন না।

এই সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন। মাঠে নেমেই জানিয়ে দিলেন, কেন তাকে ভবিষ্যতের ভরসা বলা হয়। ১৭১ রানের মূর্তিমান ইনিংস তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার; সঙ্গে ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস, যা হয়তো আগামী দিনগুলোয় বাংলাদেশ টেস্ট দলের মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারে।