ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ইঙ্গিত দিলেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কবে নাগাদ উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত পরে জানানোর কথা বলেন তিনি।
নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে আবেদন করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লোকমুখে গুঞ্জন, বিএনপি’র সঙ্গে আসন নিয়ে সমঝোতা হলে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ।
আজ রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার আবদেন করেন আসিফ মাহমুদ। পরে তিনি সাংবাদিকদের নির্বাচনের ব্যাপারে কথা বলেন।
এদিকে, ঢাকা- ১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করায় আসিফ মাহমুদের প্রার্থী হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। এমন অবস্থায় ঢাকা-১০ আসনের ভোটার হওয়া গুঞ্জনটি কি আরও পাকাপোক্ত করলো।
আসিফ মাহমুদ অবশ্য এই গুঞ্জন উড়িয়ে স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার কথা বললেন।
তিনি বলেন, ঢাকাতেই ভোট দেব। তবে নির্বাচনে কোন দলের হয়ে অংশ নিবো সেটা এখনো নিশ্চিত না। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ইচ্ছা। কবে নাগাদ পদত্যাগ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনে সরকার প্রস্তুত বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ।
