অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ও ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনের চলমান রদবদলের অংশ হিসেবে কয়েকজন জেলার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে এবং কিছু জেলায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির মধ্যে রয়েছেন- বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরে এবং বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।
এছাড়া নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ (পিরোজপুর), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার (সাতক্ষীরা), স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন (বাগেরহাট), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান (ভোলা)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মাঠ প্রশাসনে কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করার লক্ষ্যে এ পদায়ন করা হয়েছে।
