স্পোর্টস ডেস্ক:
সব জল্পনা কল্পনার অবসান। ইংলিশ ক্লাব আর্সেনালে যাওয়া হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়াল মাদ্রিদেই থাকছেন তিনি।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন।
শুক্রবার (৭ আগস্ট) ক্লাবের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ভিনিসিয়ুস ২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর আট মৌসুমে তিনি ক্লাবের হয়ে ৩৭৫টি ম্যাচে ১২৮টি গোল করেছেন।
এই সময়ে তিনি জিতেছেন ১৪টি শিরোপা-দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।
রিয়াল মাদ্রিদ জানিয়েছে, সাম্প্রতিক সাফল্যগুলোর পেছনে ভিনিসিয়ুসের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনি ২০২২ সালে প্যারিসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ২০২৪ সালে লন্ডনে অনুষ্ঠিত ফাইনালে গোল করে দলকে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।
ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল এই ব্রাজিলিয়ান। তিনি ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার, ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
এছাড়া তিনি ২০২৪ সালে ফিফার বিশ্ব একাদশে, ২০২৩ ও ২০২৪ সালে ফিফপ্রো ওয়ার্ল্ড ইলেভেনে এবং টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
