ইরানে ফের মার্কিন হামলা, জবাব দেয়ার হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

হামলার পর ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোন হামলাই জবাবহীন থাকবে না।

“যথাসময়ে উপযুক্ত জায়গায় দ্রুত এর জবাব দেয়া হবে। যুক্তরাষ্ট্র কোন ধরণের বোকামি করলে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হবে।”

গত ২৫ জুন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এম/ভি এভার লাভলিতে ড্রোন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন।

ট্রাম্প এর জবাব দেয়ার বার্তা দেয়ার কিছুক্ষণ পরই ইরানে হামলার কথা জানায় সেন্টকম।

এর পরপরই দক্ষিণ ইরানের সিরিক শহরে বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এই হামলার ফলে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতাও ভেঙে পড়ার হুমকিতে পড়েছে।