আফগানিস্তানের সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
তালেবান সরকার এ ঘটনাকে ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে আখ্যা দিয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ২৯ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারকে সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে।
এ হামলার একদিন আগে পাকিস্তানের করাচিতে সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে আত্মঘাতী হামলায় তিন জন নিহত হন।
পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, হামলায় তিন জঙ্গিও নিহত হয়েছে এবং গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজন আফগান নাগরিক। এছাড়া হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সহযোগী সংগঠন জামাত-উল-আহরার।
গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে সংঘর্ষ ও বিমান হামলার ঘটনা আবারও বেড়েছে।
