ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনার মধ্যে পুশইন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।
ঢাকা বলছে, পুশইন ঠেকাতে সীমান্তে সতর্ক পাহারা দিচ্ছে বিজিবি।
পশ্চিমবঙ্গে মমতা সরকারের পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকার আরেক দফা বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা শুরু করে।
এ বিষয়ে শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত যেভাবে পুশইনের চেষ্টা করছে তা যথাযথ নয়।
“আমরা একজনকেও পুশইন হতে দেয়নি, বিজিবি সতর্ক রয়েছে।”
তার ভাষ্য, “যদি কোন বাংলাদেশী ভারতে থেকে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিতে পাবে ভারত। যা যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে।”
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে আনতে পারবে বাংলাদেশ?
দুবাইয়ে আটক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন৷ “সংযুক্ত আরব আমিরাত বেনজীরের বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি চেয়েছিলো, সেগুলো তিন দিনের মধ্যে পাঠানো হয়েছে।
“এরপর আরব আমিরাত থেকে আর কোন তথ্য পায়নি সরকার। আমরা আমিরাত সরকারের রিপ্লাইয়ের অপেক্ষায় আছি।”
ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরানো
জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আশাবাদী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হাদি হত্যা মামলার তিন আসামি ভারতে গ্রেফতার রয়েছে। তাদের বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে। আমরা আশা করছি তাদেরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারবো।”
