প্রায় ২ বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত।
ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পরপরই যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী।
প্রাথমিকভাবে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে।
তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রবিবার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।”
তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।
“আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে,” বলেন হাই কমিশনার।
