‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বুধবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে ডা. আশীষ কুমার চক্রবর্তীর হাতে এই সম্মাননা তুলে দেন।

এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকন্ঠ এবং বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম।

অনুষ্ঠানে দেশের চিকিৎসা ও ওষুধ খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আশীষ কুমার চক্রবর্তী: স্বাস্থ্যসেবায় ২ দশকের পথচলা

ডা. আশীষ কুমার চক্রবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নৈতিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় স্বাস্থ্যনীতি সংস্কারে কাজ করে যাচ্ছেন।

২০০৪ সালে সে সময়ের আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে যোগ দিয়ে এক দশকের মধ্যেই প্রতিষ্ঠানটিকে খোলনলচে বদলে দেন তিনি।

ডা. আশীষ কুমার চক্রবর্তীর তৎপরতায় ২০১৩ সালে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’ এ রূপান্তরিত হয়।

তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি এখন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এবং ইউনিভার্সেল নার্সিং কলেজসহ একটি বৃহৎ স্বাস্থ্যসেবা হাবে পরিণত হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এর সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত আছেন আশীষ কুমার চক্রবর্তী।

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড’ পাওয়া ডা. আশীষ কুমার চক্রবর্তী স্বাস্থ্যসেবায় তার অর্জনের জন্য বড় বোন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তীর দিকনির্দেশনার কথা স্মরণ করেন।