ইসরাইলে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলায় ইরানে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা পর্যন্ত সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুলে না দিলে ইরানকে ‘সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া’র হুমকি দিয়েছেন তিনি।

তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি অবকাঠামোগুলোতে হামলা চালানো হয়; তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

এবিষয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর- আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রকে হুমকি বা আলটিমেটামের ভাষা থেকে বেরিয়ে এসে সমাধানের পথে আসতে আহ্বান জানিয়েছে রাশিয়া। আবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মধ্যপ্রাচ্য উত্তেজনা শুধু কথার দ্বন্দ্বেই সীমাবদ্ধ নেই। উভয় পক্ষই হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফা শহরে ভবন ধসে নিহত ২ ও ৪ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাল্টা ইরানের ১২টি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একযোগে হামলা চালিয়েছে। তেহরানে গ্যাস স্টেশনে হামলার পর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

ইরানজুড়ে যৌথ হামলায় ছয় শিশুসহ ৩৪ জন নিহত হয়েছেন। এছাড়া রোববার লেবাননে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ১৪ জন।

ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো কথা বলছেন বলে মন্তব্য করেছেন মার্কিন জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স।

এছাড়া মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে ইরানের ৪৫ দিনের সম্ভাব্য একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চালাচ্ছে আঞ্চলিক মধ্যস্থতাকারী কয়েকটি দেশ।