আন্তর্জাতিক ডেস্ক:
হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৭৯ জন, এবং বহু মানুষ এখনও নিখোঁজ।
আবাসিক টাওয়ারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বাইরে লাগানো দাহ্য পলিস্টাইরিন ও নির্মাণের নিরাপত্তা জালকে দায়ী করেছে কর্তৃপক্ষ।
আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভবনের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে আটজন প্রকৌশলী ও ঠিকাদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।
এছাড়া এখনও ৮৯টি মরদেহ শনাক্ত হয়নি এবং ১৬টি মরদেহ ভবনের ভেতরেই রয়েছে বলে জানা গেছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্বজনদের ছবি দিয়ে নিখোঁজদের শনাক্ত করতে সহায়তার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
হংকং সরকার ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে আগুনের প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
