আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, চুক্তি কার্যকর হওয়ার পরই ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, ফ্রান্সের প্যারিসে অবস্থিত ভার্সাই প্রাসাদে তিনি নথিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরের সময় তিনি বলেন, “এটা সহজ ছিল না।”
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রথমে শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কথা উল্লেখ করলেও পরে সেই অংশ মুছে দেন।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তিটি ডিজিটালভাবে স্বাক্ষরিত হওয়ায় কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে না।
তবে পরবর্তী আলোচনা চালিয়ে যেতে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, গত রোববার চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পর থেকে ১১টি ইরানি জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে যাতায়াত করেছে।
চুক্তির অন্যতম শর্ত হিসেবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
একই সঙ্গে সব পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সমঝোতা সত্ত্বেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে বুধবারের যুদ্ধে তাদের এক সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
