নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির জয়

নিউ ইয়র্ক প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগরী নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে তার জয়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

জোহরান মামদানি হলেন প্রথম মুসলিম, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জয় পেলেন।

   আরও পড়ুন: জোহরান মামদানি: কে এই তরুণ, কেন তাকে ঘিরে এত আলোচনা?

একইসঙ্গে এই পদে বসা প্রথম দক্ষিণ এশিয়ান ও আফ্রিকায় জন্ম নেয়া প্রথম ব্যক্তিও তিনি।

মূলত জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে তার নির্বাচনী প্রচারণা নিউ ইয়র্কের গণ্ডি পেরিয়ে বিশ্ববাসীর নজর কাড়ে।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যান্ড্রু ক্যামুকে হারিয়েছেন তিনি। এই জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী তৎপরতার বিরুদ্ধে একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

পর্যবেক্ষকরা বলছেন, ৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্কের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছেন, এটিই তার পক্ষে ব্যবধান গড়ে দিয়েছে।

জোহরান মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন। রাজনৈতিক আদর্শের কারণে তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটারদের তাকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, মামদানি জয়ী হলে নিউ ইয়র্কের বাজেট ছেটে ফেলবে হোয়াইট হাউজ।